Saturday, May 17, 2014

বিয়ের সময় বরকে যখন মধুপর্ক দেওয়া হয়, তখন তিনি মধুপর্ক না খেয়ে শুধু শুঁকে রেখে দেন। সেই সময় বাংলার নরসুন্দর বলে ওঠে "গৌর, গৌর" | সে আসল কথাটি জানে না বলে, গৌর নিতাইয়ের সঙ্গে তালগোল পাকিয়ে জগাখিচুড়ি মার্কা দুটি শব্দ বলে। সবাই খুশী, আর গৌরপ্রেমীগণ ভক্তিতে গদগদ বল হরি বা হরিবোল দিয়ে দেন। আসলে শাস্ত্রানুযায়ী কথাটি হল "গৌ-র্গৌ-র্গৌঃ" | গৌঃ-গৌঃ-গৌঃ সন্ধি করলে গৌর্গৌর্গৌঃ হয়। সূত্রকার বলেছেন মধুপর্ক খেয়ে আচমন করলে নাপিত তিনবার গৌঃ বলবে। (আচান্তোদকায় গৌরিতি নাপিতস্ত্রির্ব্রূয়াৎ) | বলার কারণ -শ্রুতিতে আছে মাংস ছাড়া মধুপর্ক হয় না (নামাংসো মধুপর্কঃ) | এর সোজা সাপটা মানে দাঁড়ায় মধুপর্ক দিলে সঙ্গে মাংসও দিতে হয়। বরকে মধুপর্ক দেওয়ার সময়েও একটি গরু দিতে হয়। এই জন্য ভবদেব লিখেছেন ‘সম্প্রদানকরার জায়গার উত্তরে গরু বেঁধে’ (সম্প্রদানশালায়া উত্তরতঃ স্ত্রীগবীং বদ্ধা) | গোমাংস আজকাল চলে না, এই কারণে পুরোহিতরা চাল দিয়ে একটি গরু বানিয়ে উত্তর দিকে রাখেন। (উল্লেখ্য শ্রাদ্ধে দশ রকমের মাংস লাগে। তার মধ্যে গোমাংস অন্যতম। আধুনিক যুগে মাংসই দেওয়া হয় না, তার বদলে চাল দেওয়া হয়।) বরকে মধুপর্ক দেওয়া হলেই নাপিত জিজ্ঞাসা করে গরুটা তবে কাটা যাক (গৌর্গৌর্গৌঃ) | প্রাচীনযুগে বর মধুপর্ক খেয়ে কি করতেন এবার ভাবুন। এইবার প্রশ্ন করতে পারেন এটা কি ভাবে আটকানো হল। একটা বিধান ছিল খেয়ে কোন কাজ করতে নেই (ভুক্ত্বা কিঞ্চিন্ন চাচরেৎ) | এটা কাজে এল। বিয়ের সময় বরকে উপবাসী থাকতে হয়, সুতরাং তিনি মধুপর্ক না খেয়ে শুধু শুঁকে রেখে দেবেন। এই কারণে বর নাপিতকে গোবধ করতে নিষেধ করেন। এই নিষেধটাও এখন মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। কলি যুগে মধুপর্কে পশুবধ নিষিদ্ধ (‘মধুপর্কে পশোর্বধঃ’ ইত্যাদি বচন আছে) | বিয়ের সময় গোবধ আর হয় না বলেই সত্যিকারের গরু আর লোকে দেয় না, চালের তৈরী গরু রেখে শুধু মন্ত্রপাঠই করা হয়। মধুপর্কের বাটিটি নাপিতকে দেওয়া হয়।
গোমাংস খাওয়া নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে । তাই কয়েকটা কথা বলি । অনেকেরই ধারণা হিন্দু ধর্মাবলম্বীরা গোমাংস খান না বা খেত না । এটা সম্পূর্ণ ভুল ধারণা ।
প্রথমেই বলি, সংস্কৃতে একটা প্রাচীন শব্দ আছে । “ গো-সঙ্খ্য” । এই শব্দটার অর্থ হলো- গো পরীক্ষক । পরে অর্থ সঙ্কুচিত হয়ে “গোপ” হয়েছে । এই পরীক্ষা কেন হতো ? কারণ, আর কিছুই না , যে বলদ বা ষাঁড়কে কাটা হবে, তার স্বাস্থ্য কেমন আছে সেটা দেখার জন্য । না পরীক্ষা হলে, সেই মাংস মানুষের জন্য খারাপ হতে পারে । মাংস তিন প্রকার :-
ভূচর ( যারা ভূমিতে চরে )
খেচর ( যারা আকাশে ওড়ে )
জলচর ( যারা জলে বিচরণ করে )
এক জলচর বাদে, স্ত্রী- পশু বধ নিষিদ্ধ ছিল, কারণ তাতে প্রজনন কমে যাবে । মাছেদের লিঙ্গ নির্ধারণ করা শক্ত বলেই হয়তো, এই ব্যাপারটা হয়েছিল ।
বৌদ্ধ যুগের আগে , হিন্দুরা প্রচুর গোমাংস ভক্ষণ করতেন এ তথ্যও অনেকেই জানেন।
ডাঃ রাজেন্দ্র প্রসাদ প্রণীত Beef in Ancient India গ্রন্থে, স্বামী ভুমানন্দ প্রণীত অনেক গ্রন্থে, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 'জাতি গঠনে বাধা' গ্রন্থে উল্লেখ আছে। এসব গ্রন্থ থেকে জানা যায়, বৌদ্ধযুগের আগে গো-হত্যা, গো-ভক্ষণ মোটেই নিষিদ্ধ ছিল না। মধু ও গো-মাংস না খাওয়ালে তখন অতিথি আপ্যায়নই অপূর্ণ থেকে যেতো ।
তাই অতিথির আর এক নাম – গোঘ্ন ।
বৌদ্ধ সম্রাট অশোকের সময় থেকে গো-হত্যা নিষিদ্ধ করা হয়। সুতরাং বৌদ্ধ ধর্মের আবির্ভাব ২০০০ বছর আগে হলেও গো-হত্যা আরও অনেক পরে নিষিদ্ধ হয়। প্রশ্ন হচ্ছে, সম্রাট অশোকের নিষেধাজ্ঞা হিন্দুরা মানছেন কেন?
এটাও ধর্মীয় সংঘাতের ফল । বৌদ্ধ ধর্ম এতই জনপ্রিয় হয়েছিল যে, প্রচুর লোক, বিশেষ করে তথাকথিত “ নীচ জাতি” আকৃষ্ট হয়েছিল, এই ধর্মের প্রতি ।
ব্রাহ্মণ্য বাদী এবং ব্রাহ্মণরা প্রমাদ গুনলেন । তারাও পুরোপুরি মাছ- মাংস খাওয়া ছেড়ে দিয়ে ভেক ধারী হয়ে গেলেন ।
মূলত, এটা উত্তরভারতেই হয়েছিল । তাই এখনও ওটা “গো- বলয়” ।
বেশীদিনের কথা নয়, আলিবর্দির সময়ে রামপ্রসাদের গুরু কৃষ্ণা নন্দ আগম বাগীশ একটা বই লেখেন। নাম – বৃহৎ তন্ত্রসার ।
এতেও অষ্টবিধ মহামাংসের মধ্যে গোমাংস প্রথম বলেই বলা হয়েছে ।
ঋগ্বেদে ফিরে আসি । কি দেখছি ? প্রথম মণ্ডলের ১৬৪ সূক্তের ৪৩ নং শ্লোকে বৃষ মাংসের খাওয়ার কথা আছে । মহিষ মাংসের উল্লেখ আছে পঞ্চম মণ্ডলের ২৯ নং সূক্তের ৮ নং শ্লোকে ।
মোষ বলি আজও হয় । নেপালে যারা মোষের মাংস খায়, তাদের ছেত্রী বলা হয় ।
এছাড়া, বনবাস কালে রামচন্দ্রের লাঞ্চের মেনু কি ছিল, অনেকেরই জানা নেই ।
তিন রকম মদ ( আসব ) গৌড়ী, ( গুড় থেকে তৈরি ) পৌষ্টি, ( পিঠে পচিয়ে তৈরি ) মাধ্বী ( মধু থেকে তৈরি ) । এর সঙ্গে প্রিয় ছিল- শূলপক্ব গোবৎসের মাংস ।
বিশ্বাস না হলে রামায়ণ পড়া উচিত । রামকে যদি কল্প চরিত্র বলেও ধরি, তাহলেও এই গুলো তখনকার খাদ্যাভ্যাসের নমুনা ।
**** বলে রাখি, আমি নিজেও এককালে বিফ রোল খেতাম । এখন বয়সোচিত কারণে , এই মাংস খাওয়া ছেড়েছি ।
The earliest surviving description of mead is in the hymns of the Rigveda,
• Rigveda Book 5 v. 43:3–4, Book 8 v. 5:6, etc

Thursday, May 15, 2014

অ্যাপলিটিক্যাল
******

( একটি জায়গার আড্ডাতে)
+++++++++

প্রত্যেক পাড়াতেই, এক দুজন  পাঁড় মাতাল বা হাফ পাগল থাকে , সে পশ্চিমবঙের যে জায়গাই হোক না কেন !!

ধরুন- টিভিতে কোনো একজন ইংরেজী বললেন । সেটা, ধুরন্ধর ইংরেজী বলিয়ে কইয়ে হন বা অক্সফোর্ডের ইংরেজ হন, বুঝতে পারেন না বা বুঝতে  কষ্ট হয় ।


অথচ, সেই ইংরেজী , শ্যামবাজার থেকে শুরু করে বক্সীরহাট বা বারো ভিসার  পাঁড় মাতাল বা হাফ পাগলরা এক লহমায় বুঝে যায় ।


কি আশ্চর্য, তাই না !!!!

আমরা সব গো মুখ্খু !!!
আমার অনেক বদ অভ্যাসের মধ্যে একটি হল- দুধ ছাড়া চা, একদম খেতে পারি না ।      মাঝে মধ্যে উপায়ন্তর না থাকলে, লাল চা খাই বটে, তবে মনে হয় – কি যেন একটা খেলাম না ।

বাড়ীতে সবার আবার উল্টো অভ্যেস ।  তাই, মাসের বাজারে গুঁড়ো দুধের প্যাকেট আসে না, এলেও বড় জোর দশ টাকা দামের দুটো প্যাকেট ।

ফুরিয়ে যায় তাড়াতাড়ি । ইদানীং, সকালের জল খাবারে চিঁড়ে খাই, ওই গুঁড়ো দুধ আর চিনি দিয়ে । অপূর্ব লাগে আমার ।

বিকেলে যথারীতি দুধ ফুরিয়েছে । টিপটিপ, ছিটে ফোঁটা বৃষ্টির মধ্যেই বেরুলাম – গোপালের মুদীর দোকানে ।

রোব্বার বিকেলে হরির চায়ের দোকান বন্ধ থাকে । তা হলেও ছাউনির নিচে কিছু আমার মত অবসর প্রাপ্ত বৃদ্ধ ভদ্রলোক বসে থাকেন ।
সারা দুনিয়াটাই এঁদের কাছে খারাপ । সকালে, হকার যদি কাগজ দেওয়ার ফাঁকে এসে হরির দোকানে চা খায়, তবে কেরিয়ার বা হ্যাণ্ডেলের সামনে থেকে কাগজ চেয়ে নিয়ে পড়েন ।
জীবনে কিনে পড়েন না । ষ্টাণ্ডে আটকানো কাগজ দাঁড়িয়ে পড়েন খুঁটিয়ে ।  তা, সেটা যে দলেরই মুখপাত্র হোক না কেন  !!!!!
আমাকে দেখে, দয়া করে ডাকলেন ওনাদের আসরে ।
কারও ছেলে/মেয়ে বা নাতি/নাতনীর ফেসবুক অ্যাকাউন্ট আছে হয়তো । শুনেছেন- আমি হরির দোকানের আড্ডা নিয়ে লিখি ।
 এখন একটা গুরু গম্ভীর বিষয় আছে, এর মধ্যে ।  কোনো একজন হয়তো এঁদের বুঝিয়েছে- ফেসবুক একটা মোটা বই । 
বুঝলাম, ওনাদের অনন্ত কৌতুহলের হাত থেকে বাঁচার জন্য – এই সহজ পদ্ধতিটা কেউ না কেউ নিয়েছে হয়তো ।
========

সেখানে একজন বললেন :- আপনের বই তো বাড়ীতে রাখনের জন্য জায়গা থাকবো না, যা শুনতাসি । কিলো দরে বেইচ্যা দেওনের আগে, আমাগো কইয়েন !!!
আমার জিজ্ঞাসা- কেন, বলুন তো ?

আরে !!!! ওরা তো কিন্যাই আর বেচবো না । ওগো   দোকানে যাইয়া দেখন লাগবো- কি লেখসেন আফনে ।
====






Tuesday, February 11, 2014

বাই ও নিকী বাই



সেকালের কোলকাতায়, “বাবু”দের লক্ষণ ছিল- নয়টা


“মনিয়া বুলবুল আখড়াই গান
খোষ পোষাকী যশমী দান
আড়িঘুড়ি কানন ভোজন
এই নবধা বাবুর লক্ষণ”

এই বাবুয়ানীতে বাইজীর নাচগান ছিল অপরিহার্য ।

পুরোহিতের মন্ত্র নয়- মৃণ্ময়ী রূপ প্রাণ পেত, বাইজীদের নাচগানে ।  পুজোর মরসুমে  শারদীয় বার্তায় বাইজীদের নিত্য উপস্থিতি ছিল অপরিহার্য ।

বাবুদের বাড়ীতে, এইসব নাচাগানার প্রচলন আগে থেকেই ছিল, তবে পুজো উপলক্ষে প্রথম বিবরণ পাওয়া যায়-খ্রীঃ ১৭৯২ সালে ।

আলো ঝলমল, এই আসরের উদ্যোক্তা ছিলেন – পোস্তার সুখময় রায় ।
তাঁর বাড়ীর নাচই নাকি ছিল-  শহর কোলকাতার সবচেয়ে ভালো । আসর ঠাণ্ডা রাখার জন্য চলতো বিরামহীন টানা পাখা ।

প্রভু ইংরেজদের ভজনা, ঈশ্বর ভজনার থেকেও অগ্রাধিকার পেতো । কারণটা সহজেই বোঝা যায়- টাকা কামাই ।

বিয়েতেই চলতো বাই – নাচ । প্রভুরা আসতেন নিমন্ত্রিত হয়ে ।

বাবুদের বাইজী প্রীতি ছিল অফুরন্ত, কারণ ঔপনিবেশিক শাসনকর্তা ইংরেজদের শাসনের অন্য স্তম্ভ ছিল – যৌনতা ।

অবশ্য- কোলকাতায় এই আদি পেশা ছিল, আগে থেকেই ।
তথ্য দিয়ে রেভারেণ্ড লঙ জানিয়েছেন – ১৭৫৩ সালে  কোম্পানি কর্তারা ঈশ্বরী ও বুভী নামে দুটি মেয়ের বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে নিলাম করে, ৫৩৯ টাকা ৪ আনা ৩ পাই উপার্জন করেছিলেন ।
তাদের অপরাধ সম্বন্ধে কিছু জানা যায় নি, তবে তাঁরা নগরকুল বধূ ছিলেন এটা জানা গিয়েছিল ।

পলাশির পর, সিরাজের ভাণ্ডার থেকে যখন নগরের কোলকাতা দখলের সময় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হয় তখন “ব্ল্যাক জমিন্দার” গোবিন্দ মিত্রের  দুজন রক্ষিতাও ক্ষতিপূরণ পান । তাঁদের নাম-রতন আর লতা ।
এঁরা কি অসামান্যা রূপসী ছিলেন না নৃত্যগীতে পটিয়সী রমণী – আর জানার কোনো উপায় বোধহয় নেই ।
১৮১৯ সালের ১৬ ই অক্টোবর – সমাচার দর্পণ লিখছে :-


“শহর কলিকাতার নিকী নামে এক প্রধান নর্তকী ছিল, কোনো ভাগ্যবান লোক তাহার গান শুনিয়া ও নৃত্য দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হইয়া এক হাজার টাকা মাসিক বেতন দিয়া তাহাকে চাকর করিয়া রাখিয়াছেন”

নিকীকে বর্ণণা করা হত – হিন্দুস্তানের ক্যাটালনি । অন্য বাইজীদের মানদণ্ড ছিলেন- নিকী ।
এক রাতের নজরাণা ছিল ১০০ পাউণ্ড বা ১ হাজার টাকা আর সমমূল্যের একজোড়া শাল ।
মনোহারি অলঙ্কার  পরতেন আর মণিমুক্তো খচিত গয়না ।
চোখে কাজল, ঠোঁট আর দাঁত রক্তিম, সিঁথি করা চুল মাথার পেছনে বেণীবদ্ধ ।

সোনালি রুপালি পোশাকে সারা অঙ্গ ঢাকা । তাই শরীরের গঠন ঠিক বোঝা যেত না ।

চার্লস ডয়লি ঊনিশ শতকের বিখ্যাত চিত্রকর ও লেখক ।

তিনি লিখছেন :-

“But hark, at Nickie’s voice – such, one never hears
From Squalling nautchness , straining their shrill throats
In natural warblings, how it great our ears,
And brilliant gingling of delicious notes,
Like nightingles  that the forest floats…..”
( বানান অপরিবর্তিত )

নিকী, নিকী, নিকী,- ঊনিশ শতকের কোলকাতা তিন দশক ধরেই যেন নিকীর করায়ত্তে।
প্রথম নিকী যখন আত্মপ্রকাশ করেন- তখন তাঁর বয়স ১৪ কি ১৫ । তারপর ত্রিশ বৎসর রাজত্ব করার পর তাঁর আর খোঁজ পাওয়া যায় নি ।






















==
তথ্যঋণ :- ঐতিহাসিক অনৈতিহাসিক
শ্রী পান্থ
আনন্দ পাবলিশার্স
ISBN- 81-7756-233-9



জীবন

সক্কালবেলা প্রেশার কুকারের সিটির মত তীক্ষ্ণ আওয়াজ- বলি, কত ঘুমবে ?

বাজার যাবে না ?


ওনার ধারণা-  আমার ঘুমের রিকোয়েস্ট টাইমড্ আউট !  রাতে বেলায় ঘুমের পিঙ্গ রিপ্লাই কেটে কেটে যায় , সিটির হিসহিস আওয়াজে, সেটা ওনাকে কে বোঝাবে  ?“

হাঁই দাবড়ে, হুকুম দাবড়ে” বলে থলির পাল্কি নিয়ে বাজারে ছুটতে হয় ।  হরির চা আজ বন্ধ ।শুনলাম- আগামী দুদিন নাকি ব্যাঙ্কে ধর্মঘট । হরি চা বেচা পয়সা জমা রাখতে পারবে না বলে , বন্ধ রেখেছে দোকান ।


ঠুংরী তালে মুখস্থ করতে করতে বেরিয়ে পড়ি :-


“ পমকিন লাউ কুমড়ো, কোকোম্বর শসা

বিঞ্জেল বার্তাকু  “ আমি” মানে চাষা”


রিক্সায় উঠতেই, মনে হয় চালক কৃষ্ণ বলছে :-


“ উঃ কি ভারি মাল রে বাবা
নাঃ! এটা একটা হাতি ।
উঃ এর কি ভীষণ ওজন
এসো এটাকে আমি নাবিয়ে দি”


রাতে পুরনো কোলকাতার বই পড়েছি, তাই  বুঝতে পারি, এই ছড়াগুলো মাথায়, কন্ট্রোল- এস্ হয়ে বসে আছে ।


ঈশ্বর গুপ্তর আমল নেই, যে বাজারে মাছের দোকানে বলব :-


“কুড়ি দরে কিনে লই, দেখে তাজা তাজা

টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা”


বেগুনের নধর কান্তি দেহ দেখে মনে পড়ে মুকুন্দ রামকে :-


“ হরিদ্রা চন্দন তেল আনিল দুবলা
বার্তাকুর অঙ্গে দিয়ে দূর কৈল মলা”


নতুন আলু দেখে মনে হয় :-চামড়া ফর্সা করার জন্য দরকার- পাথর, ঝামা, বালি সাবাং ।

হঠাৎ আলিবাবার গুপ্ত ধনের মত দেখতে পাই :-


“রূপেতে মোহিত করে মহিমা অসীম ।

সর্ব্ব রোগ নাশ করে এ হাঁসের ডিম ।।

সিদ্ধ খাও ভাজা খাও সব দিকে হিত ।

ব্যঞ্জন করিয়া খাও আলুর সহিত ।।


 না কিনলে অভিশাপ  :-


ঘৃণায় যে নাহি খায় এ হাঁসের ডিম ।

মরুক সে না খেয়ে তেতো নিম ।।

বৃথাই রসনা তার বৃথা তার মুখ ।

কোন কালে নাহি পায় আহারের সুখ ।।


“গুপ্ত ঈশ্বরের” বাক্য অবহেলা করি- এই সাহস নেই ।

রোব্বারের বাজার, তাই কমলাকান্তের সেই আক্ষেপকে দূর করার সিদ্ধান্ত নিলাম, হাঁসের ডিম কেনার পর ।

কমলাকান্ত বলেছিলেন :-

“অধ্যাপক ব্রাহ্মণগণ সংসারের ধূতরা ফল । আমি অনেকদিন হইতে মানস করিয়াছি যে, কুক্কুট মাংস ভোজন করিয়া হিন্দু জন্ম পবিত্র করিব- কিন্তু এই অধম ধুতুরা গুলার কাঁটার জ্বালায় পারিলাম না” ।

আমি নিজে ধুতুরা- বিকল্পে ধুস্তূর পুষ্প । তাই সিনা টান করে কিনে ফেললাম দেড় কেজি মাংস ।

“পাপ” হলে গোপালকে একটা নকুলদানা দেবো । বিদ্যেসাগর বলেছিলেন – গোপাল অতি সুবোধ বালক ।

আমার এই দিক থেকে  কোন চাপ নেই । কিন্তু- ওনার কণ্ঠ তো আর বেলীফুলের মত মিষ্টি গন্ধে ভরা নয় । ভয়ে ভয়ে বাড়ী ফিরতেই হবে ।


অন্তরে কোথায় যেন সেই চল্লিশ বছর আগের রাস্তায় ভেসে বেড়ানো গানের কলি :-

“মেরা মনকা দরওয়াজা খুলা হ্যায়, অন্দর ঘুসকে তালা লগা দে” 


রান্না বান্না ও জীবন

বয়স যখন কামড় বসায়, তখন পরনির্ভরতা বেড়ে যায় । শরীরে আর যুত থাকে না । এককালে, আমার স্ত্রী একাহাতে সব সামলেছেন ।

আখা, ঘুঁটে –গুল – কয়লা দিয়ে সাজনো, রান্না করা, শীলে বাটনা বাটা, বাজার করা, বাসন মাজা, ঝাড় দেওয়া, ছেলেদের পড়াশোনার তদারকী করতেন হাসি মুখে ।

আমার তো ঘোরাঘুরির চাকরী । তাই বেশী সাহায্য করতে পারতাম না । তাঁর দরকারও ছিল না, ওনার ।

এসব দেখে,   পরিচারিকা রাখলাম ।  কারণ, ওনার ওপর প্রচণ্ড ষ্ট্রেস যাচ্ছিল । অল্প পয়সা রোজগার করি । তবুও, এই “ বড়লোকী” টা করলাম ।
না, এখনকার হিসেবে টাকাটা যৎসামান্য হলেও আমার কাছে সেটা মহামূল্যবান । কাজে ফাঁকি কিন্তু দেখি নি সেই পরিচারিকার ।

শরীর খারাপ থাকলেও আসতেন উনি । চিন্তা থাকতো না ।
ধীরে ধীরে, অবস্থা একটু হলেও পাল্টালো । মালদা শহরে দেখলাম রান্নার গ্যাস এসেছে ।

ডিষ্ট্রিবিউটার ছেলেটি আমার অতিপরিচিত । আমাকে ধরে বসলো- একটা গ্যাস নিন।
দেখুন – কোনো ঝামেলা নেই । অন্য লোকেরা নিচ্ছে না ভয়ে ।
দাম ৪৫০ টাকা- দুটো সিলিণ্ডার, বার্নার আর গ্যাসের দাম নিয়ে । বললাম – ক্যাস দিতে পারবো না, কিস্তিতে শোধ করবো । ছেলেটি- তাতেই রাজী ।
চলে এলো গ্যাস বাড়ীতে ।
হিতৈষীরা এসে বললেন – আগুন টাগুন লাগতে পারে যে কোনো সময়ে । সাবধান !! এক প্রতিবেশী এসে আমাকে দাবড়ালেন ।
তাঁর বক্তব্য- তিনি জানেন, সিলিণ্ডার বার্ষ্ট করতে পারে । দুর্ঘটনা ঘটলে তাঁর বাড়ীই আগে ফল ভোগ করতে পারে ।
পরের দিন, ইংলিশবাজার থানার ওসি এসে হাজির । আমার বিরুদ্ধে  অভিযোগ , আমি আগুন লাগানোর সরঞ্জাম বাড়ীতে এনে পাড়ার নিরাপত্তা বিঘ্নিত করেছি ।
সরেজমিনে দেখে, হেসে বড়বাবু বললেন – আমাকেও তালে একটা কিনতে হচ্ছে । খবর পেয়ে ডিষ্ট্রিবিউটার ছেলেটিও চলে এসেছিল- যাতে আমার কোনো অসুবিধে না হয় ।
সে তো ভারী খুশী ।  ইংলিশবাজার থানার ওসি যখন কিনছেন, তখন আর সেল নিয়ে চিন্তা নেই ।
অন্য লোকেদের ভীড় আমার বাড়ী   - গ্যাসে কি ভাবে রান্না হয় দেখার জন্য ।
তারপর এলো টিভি । এবারও সেল নেই মালদায় । একটা এলপিটি বা লো পাওয়ার ট্রান্সমিটার বসানো হয়েছে । সেটা কতদিন থাকবে লোকেরা সন্দিহান ।
টিভির দোকানের মালিক ওই গ্যাস ডিষ্ট্রবিউটের বন্ধু । একদিন, অ্যান্টেনা, টিভি, বুষ্টার ( বাংলাদেশ টিভি দেখার জন্য ) নিয়ে আমার বাড়ীতে দিয়ে গেল ।
সর্ত-সেই কিস্তি ।
কিছুদিন পরেই ছিল ছাব্বিশে জানুয়ারী । ভাড়া বাড়ীর বারান্দায় শতরঞ্চী আর মাদুর পেতে লোকে লোকারণ্য টিভি দেখতে ।
বাংলাদেশ টিভি দেখে তো আমার ছেলেরা ও তার সহপাঠীদের ধারণাই হয়েছিল- ভারতের রাষ্ট্রপতি – এরশাদ সাহেব ।
একে একে ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, ইমালশান হিটার, টোষ্টার, রাইস কুকার এবং আরও কিছু জড়ো হল ।
পরিচারিকারাও ডুব মারতে শুরু করলেন । শুধু মাইনে নেবার আগে পেছু তাঁদের দর্শন নিয়মিত ।
তার ফলে, টেনশন , সুগার, হাইপারটেনশন, ওয়ার্ক সাসপেনশন – ব সন সন করে মাথার ওপর চরকী খায় ।

বয়স হয়ে গেছে- আমাদের ।
অথচ, বলতেও পারছি না- দাও ফিরে সেই অরণ্য, লহ এই নগর ।
রবিদাদু জমিদার ছিলেন- আমার ছাপোষা !!! কবিত্ব ওঁদেরই মানায় ।
যাই বাসন মাজি , আজও পরিচারিকা আসেন নি ।
ভালো থাকবেন ।